উত্তরদিনাজপুর

ইট-পাথরে নির্মিত কংক্রিটের অরণ্যেই বিচরণ করল বাসন্তীর ছটায় রঙিন শিশুর দল

আজ বসন্ত উৎসব, রাঙিয়ে দেবার দিন। বনে নয়, পাড়ায় পাড়ায়... মোড়ে মোড়ে... লেগেছে ফাগুন। ফাগুন লেগেছে আটের মনে, ফাগুন লেগেছে আশির মনেও। রঙের নেশায় তাই মাতাল হল পুরবাসী, অশোকে-পলাশে-শিমূলে... শহর ছাড়া ঐ পথে... রঙের উৎসব গঞ্জে গঞ্জেও।

        শান্তিনিকেতনের আদলে হলেও এখানে বসন্ত আম্রকুঞ্জে নয়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ শহরের ইট-পাথরে নির্মিত কংক্রিটের অরণ্যেই বিচরণ করল বাসন্তীর ছটায় রঙিন শিশুর দল। নৃত্যের তালে তালে পা মেলালেন কাঞ্চন রঙা তরুণ-তরুণী থেকে বার্ধক্যের বারাণসী ছুঁয়ে যাওয়া মানুষ-মানুষীরাও। শহরের প্রতিটি পাড়ায় পাড়ায় সর্বত্রই আজ রঙের মেলা। বসন্ত উৎসবে মাতোয়ারা জেলার ইটাহার হেমতাবাদ, ইসলামপুর, করনদিঘীর মানুষও। পথে পথে শোভাযাত্রা। খোঁপায় গোঁজা ফুল, হাতে পলাশ-কাঁকন আর মনে শুধু বসন্ত সমীরণ। রবি ঠাকুরের চির আবাহনী গানের ডাকে দুয়ার খুলে বাহির পথে পা বাড়ালো অযুত নর-নারী। নাচে-গানে-কবিতায় প্রেমের পানসি ভেসে গেল ফাগুন হাওয়ায় হাওয়ায়...।